জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জানাজায় অংশ নিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “সারা বাংলাদেশ আজ কাঁদছে। হাদি শাহাদাৎ বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন।”
জানাজা-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরও বলেন, “তার জীবনের ত্রুটি-বিচ্যুতি যেন আল্লাহতায়ালা মাফ করে দেন। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। তিনি যে স্বপ্ন দেখেছিলেন—আধিপত্যবাদবিরোধী একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার—সে স্বপ্নের পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন।”
ধর্ম উপদেষ্টা বলেন, শহীদ হাদির শাহাদাতে শুধু তার পরিবার নয়, পুরো জাতি শোকাহত। “সারা বাংলাদেশ আজ কাঁদছে”—এই শোক সাধারণ মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের গ্রাম-গঞ্জ, শহর-বন্দরসহ সব মসজিদে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও জিকির-আজগার সম্পন্ন করা হয়েছে।